পাঁচজন মুসল্লি হয়ে গেলে মসজিদ বন্ধ করে দেয়া যাবে কি?

প্রসঙ্গঃ
পাঁচজন মুসল্লি হয়ে গেলে মসজিদ বন্ধ করে দেয়া যাবে কি?

প্রশ্নঃ
মুফতি সাহেব! বর্তমানে করোনা পরিস্থিতিতে মুসল্লির সংখ্যা পাঁচজন নির্ধারন করা হলেও প্রায় সময়ই বেশি হয়ে যায় ৷ এক্ষেত্রে কি আমরা এমনটি করতে পারি যে, যখনি পাঁচজন মুসল্লি হয়ে যাবে তখন মসজিদ বন্ধ করে দিয়ে পাঁচজন নিয়ে নামায পড়ব?
জানালে উপকৃত হবো ৷

উত্তরঃ
মসজিদ মুসলমানদের ইবাদতের স্থান ৷ শুধু নামাযের জন্য নয়; বরং যিকির-আযকার, কুরআন তিলাওয়াত ও দ্বীনী তালীমের জন্যও বটে।
হযরত আনাস ইবনে মালেক রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
إِنّمَا هِيَ لِذِكْرِ اللهِ عَزّ وَجَلّ، وَالصّلَاةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ.
অর্থাৎ মসজিদ হল নামায, যিকির ও কুরআন পড়ার জন্য। -সহীহ মুসলিম, হাদীস ২৮৫

তাই সাধারন অবস্থায় নিয়ম হল, ফরয নামাযের সময় ছাড়াও মসজিদকে প্রয়োজন মোতাবেক ইবাদত, তালীম ও যিকিরের জন্য উন্মুক্ত রাখা। বিশেষ প্রয়োজন ছাড়া মসজিদ বন্ধ রাখা ঠিক নয়। ইবনুল হুমাম রাহ. বিশেষ প্রয়োজন ব্যতীত মসজিদ বন্ধ রাখাকে- মানুষকে মসজিদ থেকে বাধা প্রদান করার অন্তর্ভুক্ত করেছেন কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন-

وَ مَنْ اَظْلَمُ مِمَّنْ مَّنَعَ مَسٰجِدَ اللهِ اَنْ یُّذْكَرَ فِیْهَا اسْمُهٗ وَ سَعٰی فِیْ خَرَابِهَا .

তার চে’ বড় জালেম আর কে, যে আল্লাহর মসজিদসমূহে তাঁর নাম নিতে বাধা প্রদান করে এবং সেগুলো ধ্বংস সাধনে প্রয়াসী হয়।
-সূরা বাকারা, আয়াত : ১১৪ ৷

সব সময় মসজিদ খোলা রাখলে মসজিদের মালামাল হেফাযতের বিষয়টি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ বিষয়টি বিবেচনা করে কোনো কোনো ফকীহ প্রয়োজনের কারণে নামাযের সময় ছাড়া অন্য সময় মসজিদ বন্ধ রাখাকে জায়েয বলেছেন। তাই এ ধরনের প্রয়োজনে নামায ব্যতীত অন্যান্য সময় মসজিদ বন্ধ রাখার অবকাশ আছে।

কিন্তু নামাযের সময় বা মুসল্লিদের নামাযে অংশ গ্রহন করা থেকে বিরত রাখার জন্য মসজিদ বন্ধ করে দেয়া যাবে না ৷ করোনা পরিস্থিতিতেও পাঁচজনের বিষয়টি সরাসরি শরঈ কোনো বিষয়টি না হওয়ার কারণে উক্ত সংখ্যা ঠিক রাখতে মসজিদ বন্ধ করার কোনো সুযোগ নেই ৷ বরং মসজিদ বন্ধ করে দেয়াটা,
, وَ مَنْ اَظْلَمُ مِمَّنْ مَّنَعَ مَسٰجِدَ اللهِ اَنْ یُّذْكَرَ فِیْهَا اسْمُهٗ وَ سَعٰی فِیْ خَرَابِهَا .
তার চে’ বড় জালেম আর কে, যে আল্লাহর মসজিদসমূহে তাঁর নাম নিতে বাধা প্রদান করে এবং সেগুলো ধ্বংস সাধনে প্রয়াসী হয়।
-সূরা বাকারা আয়াত: ১১৪ ৷

কুরআনের এই আয়াতের সরাসরি বিপরিত হয়ে যাবে ৷
মানুষকে নামায বাড়িতে পড়তে উতসাহিত করবে ৷ এরপরও যারা মসজিদে চলে আসবে তাদের নিয়ে জামাতে নামায আদায় করবে ৷

তথ্যসূত্র:  

ফাতহুল কাদীর ১/৩৬৭
রূহুল মাআনী ১০/৪৮৭
শরহুল মুনয়া পৃ. ৬১৫

ফাতাওয়া হিন্দিয়া ১/১০৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *